নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে সরকারি সার বিক্রয়ে অনিয়মের অভিযোগে আব্দুর রাজ্জাক নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় তাকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

সরকারি সার বিক্রয়ে অনিয়মের অভিযোগের ভিত্তিতে কালীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। অভিযানে সরকারি সার বিক্রির ক্ষেত্রে আইন লঙ্ঘনের সত্যতা পাওয়ায় আব্দুর রাজ্জাককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সরকারি সারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে সার বিক্রি বজায় রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়। কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি সার নিয়ে যেকোনো ধরনের অনিয়ম ও কারসাজি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।