যুক্তরাজ্যের পর এবার অধিকৃত পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোর ওপর বাণিজ্য নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে আরও ১১টি দেশ। সবমিলিয়ে যুক্তরাজ্যসহ মোট ১২টি দেশ এই নিষেধাজ্ঞার সঙ্গে যুক্ত হলো।
নিষেধাজ্ঞা ঘোষণাকারী দেশগুলো হলো— ফ্রান্স, কানাডা, নরওয়ে, ডেনমার্ক, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন, সুইডেন, আইসল্যান্ড, আয়ারল্যান্ড ও ফিনল্যান্ড। মধ্যপ্রাচ্যে দ্বি-রাষ্ট্র সমাধান তত্ত্বকে সমর্থন এবং সম্প্রতি পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রামগুলোতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান হামলা ও নিপীড়নের প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের অর্থমন্ত্রী এড মিলিব্যান্ড গত মঙ্গলবার দেশটির পার্লামেন্টে নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা দেন। তার ভাষণের পরপরই পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোর বিরুদ্ধে একই পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয় বাকি ১১ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেন, দ্বি-রাষ্ট্র সমাধান একটি বৈশ্বিক দাবি হলেও ইসরায়েল সরকার নিয়মিত তা পাশ কাটানোর চেষ্টা করছে। বিশেষ করে পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণের হার বৃদ্ধি এবং বসতিস্থাপনকারীদের সহিংস আচরণের উল্লম্ফনে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। সম্প্রতি ইসরায়েলের বিতর্কিত 'ই-ওয়ান' বসতিস্থাপন প্রকল্প পুনরুজ্জীবিত করার চূড়ান্ত সিদ্ধান্তের পরই এই কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা এল।
যুক্তরাজ্যের অর্থমন্ত্রী পার্লামেন্টে বলেন, পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা জাতিগত নিধনে নেমেছে এবং ইসরায়েলি সরকার সবকিছু দেখেও নীরব রয়েছে। এই পরিস্থিতিতে বসতি স্থাপনকারীদের কাছ থেকে পণ্য কেনা বা বাণিজ্যিক সুবিধা প্রদান দেশের জনগণ মেনে নেবে না।
এএফপির তথ্য অনুযায়ী, স্পেন ও আয়ারল্যান্ড ইতোমধ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে। এদিকে ফ্রান্স নিজে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলোকেও একই পথ অনুসরণের জন্য কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।