চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ মন্তব্যের পর কড়া জবাব দিয়েছেন চসিক মেয়র।

শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এই প্রতিক্রিয়া জানান।

মেয়র শাহাদাত জানান, আদালতের রায় এবং গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমেই তিনি ২০২৪ সালের নভেম্বর মাসে শপথ নিয়েছেন এবং আইনিভাবে তার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত রয়েছে। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে তার বৈধ রায় ছিনিয়ে নেওয়া হয়েছিল এবং ৫ আগস্টের পর আইনি লড়াইয়েই তিনি রায় ফিরে পেয়েছেন। জামায়াতের আমিরের মন্তব্যে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, এই বক্তব্যের মাধ্যমে মূলত আওয়ামী আমলের বিতর্কিত মেয়র রেজাউল করিম চৌধুরীকেই বৈধতা দেওয়া হয়েছে।

তবে নির্বাচন প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে ডা. শাহাদাত বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তিনি সবসময় প্রস্তুত। স্থানীয় সরকার বিভাগ যেদিন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করবে, সেদিনই তিনি মেয়রের পদ থেকে সরে দাঁড়াবেন এবং যেকোনো গণতান্ত্রিক নির্বাচনকে স্বাগত জানাবেন।

এর আগে চট্টগ্রামের লালদিঘী ময়দানে ১১ দলীয় জোটের লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান চসিক মেয়রকে উদ্দেশ্য করে বলেন, জোর করে ক্ষমতায় থেকে মেয়াদোত্তীর্ণ পদে বসে থাকা সুশাসন নয়, বরং ফ্যাসিবাদ। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসার আহ্বান জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, প্রশাসক বা অগণতান্ত্রিক উপায়ে দায়িত্ব পালন করা ব্যক্তিরা জনগণের প্রতিনিধি কি না।